প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:০০ AM

খুলনার দৌলতপুরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানভীর ওই এলাকারই বাসিন্দা।
জানা যায়, দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়ির জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার (১ অক্টোবর) সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জানালার ফাঁক দিয়ে গুলি ছোড়া হয়। এরপর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর