প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:১৫ AM আপডেট: ০১.১০.২০২৫ ৯:১৯ এএম

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রা শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। আহত হয়েছেন আরও ১৪০ জনের বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সময় ১০টার দিকে সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে এবং শত বছরের পুরনো একটি গির্জাও ভেঙে যায়।
ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেবু প্রদেশে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। ভূমিকম্পে প্রদেশটির উত্তরাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রম চালাতে সেখানে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
উদ্ধারকারীদের জন্য খাবার ও পানির পাশাপাশি উদ্ধারকাজে ব্যবহৃত ভারী সরঞ্জামের আবেদন সান রেমিজিওর উপ-মেয়র আলফি রেইনস।
স্থানীয় গণমাধ্যমকে আলফি রেইনস বলেন, ‘প্রবল বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ নেই, তাই আমাদের সত্যিই সাহায্যের প্রয়োজন, বিশেষ করে উত্তরাঞ্চলে কারণ ভূমিকম্পে পানি সরবরাহের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পানির অভাব দেখা দিয়েছে।’
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এরপর আরও কয়েকটি আফটারশক হয়েছে, যার মধ্যে একটি ৬ মাত্রার ছিল। তবে সুনামির কোনো হুমকি ছিল না বলে জানানো হয়েছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ
স্বদেশ প্রতিদিন/এমএম