প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সিদোয়ারজো শহরে একটি ইসলামিক স্কুল ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত এবং অন্তত ৩৮ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। সোমবার বিকেলে নামাজ চলাকালীন সময় ভবনটি হঠাৎ ধসে পড়ে।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি সাংবাদিকদের জানান, মোট ১০২ জন শিক্ষার্থী এবং কর্মী ছিলেন। এর মধ্যে ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তিনজন নিহত হয়েছেন। এখনও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা থাকাদের উদ্ধারে তৎপর রয়েছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, এখনো ৩৮ জনকে ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিদোয়ারজোর স্থানীয় হাসপাতালের প্রধান আতক ইরাওয়ান বলেন, মঙ্গলবার জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন।
ইন্দোনেশিয়ায় দুর্বল নির্মাণমান দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয়। চলতি মাসের শুরুতে পশ্চিম জাভায় একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিল।
উদ্ধারকাজ এবং মৃত ও আহতের সঠিক সংখ্যা নির্ধারণে উদ্ধারকর্মীরা এখনও কাজ চালাচ্ছে।
সূত্র : এএফপি
স্বদেশ প্রতিদিন/ আরএফ