প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে নবীনগর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন, সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিউদ্দিন, রাব্বি, মাসুদ রানা ও তবি মিয়া। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার জানান, আব্দুল্লাহর কপাল, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর অভিযুক্ত এসআই মহিউদ্দিনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান।
নবীনগর থানা পুলিশের অভিযোগ, নিহত আব্দুল্লাহকে টানা চারদিন সলিমগঞ্জ ফাঁড়িতে আটকে রাখা হয়েছিল। তবে ফাঁড়ির ইনচার্জ এসআই মহিউদ্দিন এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল কর্মকর্তাকে কোনো তথ্য জানাননি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে