
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সামরিক অভিযান এবং বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে নিন্দা চলছেই। এবার ক্রীড়া জগত থেকেও ইসরায়েলকে নিষিদ্ধ করার জোরালো বার্তা এলো।
ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডসসহ বিশ্বের ৫০ জন বর্তমান ও সাবেক খেলোয়াড় ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে চিঠি পাঠিয়ে ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
এই চিঠিতে সই করেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা, চেলসির সাবেক তারকা হাকিম জিয়েচ, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, হিজাব পরা প্রথম ব্রিটিশ নারী জকি খাদিজা মেল্লা, ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি, লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সনসহ অনেকেই।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘খেলাধুলা কখনোই নিরপেক্ষ থাকতে পারে না। নিরব থাকা মানে অন্যায় মেনে নেওয়া। আমরা উয়েফাকে আহ্বান জানাই-ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে অবিলম্বে বহিষ্কার করুন, যতদিন না তারা আন্তর্জাতিক আইন মেনে চলে এবং বেসামরিক হত্যা বন্ধ করে।’
চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদন, যেখানে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের ওপর ‘জাতিগত নিধনের’ উদ্দেশ্যে অভিযান চালাচ্ছে ইসরায়েল। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
বিশেষভাবে সম্মান জানানো হয়েছে নিহত ফিলিস্তিনি কিংবদন্তি ফুটবলার সুলেইমান আল-ওবেইদকে, যিনি ‘ফিলিস্তিনি পেলে’ নামে পরিচিত ছিলেন। চিঠিতে আরও লেখা হয়, ‘জীবিত অবস্থায় তিনি খেলাধুলার মাধ্যমে আশা জাগিয়েছিলেন, আর মৃত্যুর মধ্য দিয়ে মনে করিয়ে দিলেন, কেন এখনই ক্রীড়া সংস্থাগুলোর পদক্ষেপ নেওয়া জরুরি।’
এই উদ্যোগ নিয়েছে ব্রিটেনভিত্তিক নুজুম স্পোর্টস, যাদের ব্যানারে ‘অ্যাথলেটস ফর পিস’ আন্দোলন চলছে।
এর আগেও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি তোলে। তবে ফিফা ও উয়েফা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নেয়নি।
এই দাবির বিপরীতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার যে কোনো উদ্যোগ প্রতিহত করবে তারা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করব যে, ইসরায়েলের ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা সফল না হয়।’
গাজায় চলমান সংঘাতের মধ্যেও ইসরায়েলের জাতীয় ও ক্লাব দলগুলো উয়েফা ও ফিফার আয়োজিত টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ১১ অক্টোবর নরওয়ের বিপক্ষে ও ১৪ অক্টোবর ইতালিতে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে তারা। বর্তমানে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল।
স্বদেশ প্রতিদিন/এমএম