প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২:১১ AM

সংগৃহীত ছবি
বিসিবি নির্বাচনের পরিচালক পদে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট ৫১টি ফরম জমা পড়ে। যাচাই-বাছাই শেষে সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে, তিনটি মনোনয়ন অবৈধ।
বাতিল হওয়া মনোনয়নগুলোর মধ্যে একজন ছিলেন ঢাকা বিভাগের প্রার্থী আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান। এর ফলে ঢাকা বিভাগের বাকি দুই প্রার্থী, আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসেবে দুই ধরনের স্বাক্ষরের অনুপস্থিতি উল্লেখ করেছে।
ফুয়াদ রেদোয়ান বলেছেন, যিনি স্বাক্ষর করেছিলেন তার ভোটার আইডি কার্ডের সঙ্গে স্বাক্ষর মিল রয়েছে। তারা বলছে কাউন্সিলর ফর্মের সঙ্গে মিল নেই। আমি বলেছি, আচরণ বিধিতে এটি দেওয়া হয়নি। সরকার স্বীকৃত স্বাক্ষর থাকলে সমস্যা হওয়ার কথা নয়।
তিনি আরও বলেন, আগামীকাল আপিল করব। যে সমর্থন করেছিলেন তার স্বাক্ষর থাকবে, তারপর আমার স্বাক্ষর। যদি তবুও বাতিল করা হয়, আমি কোর্টে যাব। আমি সারাজীবন ক্রীড়া সংগঠক হিসেবে সংগ্রামের মাধ্যমে কাজ করেছি এবং তা চলবে।
বাতিল হওয়া বাকি দু’টি মনোনয়ন হলো চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে।
তফসিল অনুযায়ী আগামীকাল আপত্তি নেওয়ার সূচি রয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পেলে নির্বাচন কমিশন শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এর আগে, ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মোট ২৫ জন মনোনয়ন নিয়েছিলেন, যার মধ্যে ঢাকা ৩, চট্টগ্রাম ৫, খুলনা ৩, রাজশাহী ৪, সিলেট ৩, রংপুর ৬ এবং বরিশাল ১ জন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে ৩২ জন মনোনয়ন নিয়েছেন এবং ক্যাটাগরি ৩ থেকে ৩ জন প্রার্থী মনোনয়ন গ্রহণ করেছেন।