প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম

ফাইল ছবি
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ‘কর্পোরেট খাতে আর্থিক স্বচ্ছতা’ শীর্ষক সেমিনার ও ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে, তবে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে প্রতিফলিত হচ্ছে।
ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, এফআরসি চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং আইসিএবি সভাপতি এনকেএ মবিন।
এসময় অনুষ্ঠানে সাবেক বাণিজ্য সচিব শুভাশীষ বসু সংবাদ পরিবেশনে তথ্য-যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন। পরে সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ইআরএফ ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।
স্বদেশ প্রতিদিন/শাহো