
মিস আর্থ ২০২০ মেঘনা আলম জানিয়েছেন, গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে জিজ্ঞাসাবাদের সময় মন্তব্য করেছিল—বিশ্বে বাংলাদেশকে একমাত্র ব্র্যান্ডিং করছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
ফেসবুক পোস্টে মেঘনা লেখেন, তাকে দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ডিবির কর্মকর্তারা জানতে চান, মিস বাংলাদেশ অর্গানাইজেশন আসলে কী কাজ করে এবং কেন তারা সরকারি সংস্থা, কূটনৈতিক প্ল্যাটফর্ম ও বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখে।
নিজের ব্যাখ্যায় মেঘনা বলেন, ছোটবেলা থেকে বহুসাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এবং বিদেশ ভ্রমণের অভিজ্ঞতায় তিনি বুঝেছেন, বিশ্ববাসী বাংলাদেশকে খুব সীমিতভাবে চেনে—শুধু দারিদ্র্য, বন্যা, ধর্মীয় সন্ত্রাসবাদ বা পিছিয়ে পড়া দেশ হিসেবে। তাই তিনি বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেন।
তার ভাষায়, বাংলাদেশের সংস্কৃতি, ফ্যাশন, গ্ল্যামার, সৌন্দর্য, খাদ্য, সম্প্রীতি, বহুভাষিকতা এবং উদ্যোক্তা মান তুলে ধরা তাঁর কাজ। এজন্য তিনি ‘Alter-diplomacy’ নামের একটি এসডিজি-সমন্বিত নারী নেতৃত্বের প্ল্যাটফর্ম পরিচালনা করছেন।
তবে ডিবির কর্মকর্তারা তার এই কাজকে তেমন গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন মেঘনা। তাদের মতে, “এসব অর্থহীন, কারণ একমাত্র সাকিব আল হাসানই বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন। পুরো দুনিয়া ওকেই চেনে, সেটাই যথেষ্ট।”
এই মন্তব্যে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেঘনা প্রশ্ন তোলেন, “আমেরিকাকে যদি বলা হয়, ‘তোমাদের সিলিকন ভ্যালির দরকার নেই, কারণ তোমাদের বিয়ন্সে আছে’, অথবা ফ্রান্সকে বলা হয়, ‘তোমাদের ডিপ্লোমেসি লাগবে না, এমবাপ্পে তো আছেই’, তাহলে কেমন শোনাবে?”
স্বদেশ প্রতিদিন/ আরএফ