প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক নারীকে মারধর, শ্লীলতাহানি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এবং হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে আরিফ বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের কাজিম উদ্দিন ব্যাপারী বাড়ির বাবুল হোসেনের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী দিদার বাড়ির মো. সিরাজের ছেলে মো. সুমন (৩৫) ও তার বড় ভাই সুজন (৪০)-এর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
গত রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে আরিফের মা স্বপনা বেগম (৪০) তার মামা জাকির হোসেনকে ৫০ হাজার টাকা দিতে যাওয়ার সময় বেল্লাল মোল্লা বাড়ির সেতুর পাশে পৌঁছালে সুমন ও সুজন তার ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শ্লীলতাহানি করে, গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং হাতে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে গলাটিপে হত্যার চেষ্টা করে।
নারীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চাটখিল থানার ডিউটি অফিসার এসআই মামুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তাধীন। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন ও সুজন পলাতক রয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম