প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ AM

এক
রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে
নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। হাইভোল্টেজ এই ম্যাচটি
দর্শকদের উপহার দেয় উত্তেজনায় ভরপুর একটি ক্রিকেট সন্ধ্যা।
এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে ভারত এবং পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো শিরোপা জয় করে ভারত। কিন্তু এই জয়ের পরই শুরু হয় নতুন নাটক, যা ক্রিকেটের ভাবনাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি মঞ্চেই উপস্থিত ছিলেন, তবে তিনি ছিলেন সম্পূর্ণ নীরব। নাটক তখন চরমে পৌঁছায় যখন নাকভি মঞ্চ থেকে নামার সিদ্ধান্ত নেন। জানা যায়, ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ভারতের সরকার ক্রিকেটারদের এই নির্দেশনা দিয়েছে। যার ফলে, ট্রফি সরাসরি মঞ্চে তুলে দেওয়া হয়নি, বরং পুরস্কার বিতরণী শেষে ভেতরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তুলেছেন, যা ক্রিকেট ইতিহাসে বিরল একটি ঘটনা হিসেবে ধরা হচ্ছে।
অন্যদিকে, পাকিস্তানি খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে রানার্সআপ মেডেল গ্রহণ করেন। রানার্সআপ দলকে চেকও তুলে দেওয়া হয় নাকভি ও আমিনুল একসঙ্গে।
এই পরিস্থিতি ক্রিকেট ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এবং এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ শেষ পর্বের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে রয়ে গেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম