প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৮ পিএম

খাগড়াছড়ি ও গুইমারায় চলমান সংঘর্ষের মধ্যে ব্যবহারের উদ্দেশ্যে পাচারকালে লোহার তৈরি ১০০টি ধারালো দা উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকা থেকে একটি বাস তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফ (মূল দল) বান্দরবান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও হেলপারসহ বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
এর আগে ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক পাহাড়ি স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করলে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীলকে আটক করে।
ঘটনার বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে রবিবার ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে তৃতীয় দফায় সড়ক অবরোধ করা হয়। এর আগে শনিবার অবরোধকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছোড়ে।
উত্তেজনা ছড়িয়ে পড়ায় শনিবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ