প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ পিএম আপডেট: ২৮.০৯.২০২৫ ৮:১১ PM

রোববার (২৮ সেপ্টেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনের মতে, ভূমিকম্পটি পশ্চিম তুরস্কের কুতাহিয়া প্রদেশের সিমাভ শহর এবং আশেপাশের এলাকাগুলোকে কেঁপে তুলেছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫৯ মিনিট) প্রায় ৮.৪৬ কিলোমিটার (৫.২ মাইল) গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হেনেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের কুলা প্রদেশে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনে কিছু ভবন ধসে পড়েছিল, তবে কোনো প্রাণহানি ঘটেনি।
স্থানীয়রা জানিয়েছেন, এই ভূমিকম্পের কম্পন রাজধানী আঙ্কারাতেও অনুভূত হয়েছে। আতঙ্কিত মানুষরা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। কুলা প্রদেশে কম্পনের তীব্রতা বেশি ছিল।
এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) গ্রিস ও এর আশেপাশের অঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা তুরস্কসহ ইসরায়েল, লেবানন ও জর্ডানেও অনুভূত হয়। প্রায় দুই বছর আগে ২০২৩ সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৫৯ হাজার মানুষ প্রাণ হারান, সিরিয়াতেও ৮ হাজার মানুষ নিহত হন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ