প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম

সংগৃহীত ছবি
পপ তারকা সেলেনা গোমেজ বিয়ে করেছেন। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে বেনির সঙ্গে বাগদান সেরেছিলেন এই বিশ্বখ্যাত পপ তারকা। এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের।
বিয়ের অনুষ্ঠানে গোমেজ পরেছিলেন ফুলের নকশায় সজ্জিত সাদা ব্রাইডাল হাল্টার ড্রেস। আর ব্ল্যাঙ্কো সেজেছিলেন টাক্সেডো ও বো টাইয়ে। পাপারাজ্জিরা সান্তা বারবারা এলাকায় বিশাল আউটডোর তাঁবু ও অন্যান্য আয়োজনের ছবি তুলেছিলেন।
৩৩ বছর বয়সী গোমেজ ও ৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে। গত বছরের শেষে তারা এনগেজড হন। ২০১৯ সালে তারা আই ক্যান নট গেট এনাফ গানে একসঙ্গে কাজ করেন।
গীতিকার ও প্রযোজক হিসেবে ব্ল্যাঙ্কো কেটি পেরির টিনেজ ড্রিম, ব্রিটনি স্পিয়ার্সের সার্কাস ও ম্যারুন ফাইভের মুভস লাইক জগারের মতো হিট গানে যুক্ত ছিলেন। অন্যদিকে, গোমেজের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- কাম ডাউন, গুড ফর ইউ, সেম ওলড লাভ এবং কাম অ্যান্ড গেট ইট।
এদিকে বিনোদন জগতের সহকর্মী ও ব্র্যান্ডগুলো এই দম্পত্তিকে অভিনন্দন জানিয়েছে। তার সিরিজ অনলি মাডার্স ইন দ্য বিল্ডিংয়ের অফিশিয়াল অ্যাকাউন্ট লিখেছে, আমাদের মেবেল বিয়ে করল। তার কসমেটিক ব্র্যান্ড রেয়ার বিউটি পোস্ট করেছে, তোমাদের দুজনের জন্য আমরা ভীষণ খুশি।
সহকর্মী এবং ব্র্যান্ডগুলো ছাড়াও তাদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরাও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এদিন বেশ উচ্ছ্বাসিত দেখা যায় এই জুটিকে।