প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬ পিএম

গোপালগঞ্জের মোকসেদপুরে শনিবার দুপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় মাদারীপুরের কালকিনি উপজেলায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নুসরাত (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন—মোতালেব পাইক (৭০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০) এবং তাদের মেয়ে রুমা বেগম (৪০)। তারা আলফাডাঙ্গায় নাতীর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ঘটে, যখন খুলনা থেকে ঢাকাগামী একটি বাস তাদের ইজিবাইককে ধাক্কা দেয়।
নিহতের ছেলে আলমাছ পাইক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ঘাতক বাস আমাদের পরিবারের সবাইকে কেড়ে নিল। এই ধরনের ঘটনায় আর কোনো পরিবারের মায়ের কোল খালি না হোক।”
রমজানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমাছ হোসেন পাইক বলেন, “একই পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটি একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা।”
স্বদেশ প্রতিদিন/এনআর