প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৩ AM

ক্রিকেট ইতিহাসে অনন্য এক কীর্তি গড়লো নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে নিজেদের নাম লেখালো আন্তর্জাতিক ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলোর তালিকায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান তোলে নেপাল। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।
এটি আইসিসির পূর্ণ সদস্য (টেস্ট খেলুড়ে দেশ) দলের বিপক্ষে নেপালের প্রথম জয়। এর আগে ২০১৪ সালে তারা আফগানিস্তানকে হারালেও তখন আফগানরা পূর্ণ সদস্য ছিল না।
নেপালের রান গড়ার পেছনে অধিনায়ক রোহিত পাউড়েল (৩৮) ও কুশল মল্লা (৩০) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গুলশান ঝাঁ করেন ২২ ও দিপেন্দ্র সিং এইরি ১৭ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ৪ উইকেট ও বিদাইসি ৩ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের সেরা স্কোর ছিল বিদাইসির ২২। শেষদিকে ফাবিয়ান অ্যালেন (১৯) ও আকিল হোসেন (১৮) লড়াই করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
নেপালের হয়ে কুশল ভুরতেল নেন ২ উইকেট, আর পাউড়েল, করন কেসি, নন্দন যাদব, ললিত রাজবংশী ও দিপেন্দ্র প্রত্যেকে নেন ১টি করে উইকেট।
স্বদেশ প্রতিদিন/এমএম