প্রতিটি মানুষের কাছে ৩১ দফা পৌঁছে দিতে হবে: ড. এম এ কাইয়ুম
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৭ পিএম আপডেট: ২৭.০৯.২০২৫ ১০:১৭ PM

ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, ঢাকা ১১ আসনের প্রতিটি মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেব। বিএনপির উন্নয়নের কথা তুলে ধরে ধানের শীষে ভোট চাইব। এই কার্যালয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বাড্ডায় ঢাকা ১১ আসনের কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এম এ কাইয়ুম বলেন, “এই নির্বাচনি এলাকায় ময়লা কর্মকাণ্ডের কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন। বাড়তি কোন টাকা নিতে দেব না। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
অপরাধমূলক সকল কাজে বাধা প্রদান করবো উল্লেখ করে তিনি বলেন, “ভাটারা-বাড্ডা-রামপুরা ও হাতিরঝিলের একাংশে নিয়ে ঢাকা ১১ আসন। এই এলাকায় কোনো দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্ব চাঁদাবাজি হতে দেব না। দলীয় নেতাকর্মীরা কোনো ধরনের অপকর্মে জড়িত হবে না। কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ টেনে এম এ কাইয়ুম বলেন, “এক বছর ধরে দেশে নির্বাচিত সরকার নেই, শুধুমাত্র একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। এই সরকারের কাজ হলো নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ তৈরি করা। আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন হলে জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।”
এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম ফিতা কেটে কার্যালয়টি উদ্বোধন করেন। এরপর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভাটারা বাড্ডা রামপুরা ও হাতিরঝিলের একাংশের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।