প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৪ AM

ক্রমেই এগিয়ে আসছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর এক বছরেরও কম সময় বাকি থাকতেই আয়োজক সংস্থা ফিফা টুর্নামেন্টের মাসকট উন্মোচন করেছে। এবারের আসর বসবে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তাই আয়োজক তিন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটাতে বেছে নেওয়া হয়েছে তিনটি প্রাণী চরিত্র—‘ক্লাচ’, ‘জায়ু’ ও ‘ম্যাপল’।
ফিফার এক বিবৃতিতে জানানো হয়, প্রতিটি মাসকট তাদের নিজ নিজ দেশের প্রতিচ্ছবি। নতুন মাসকট নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ম্যাপল, জায়ু আর ক্লাচ হচ্ছে আনন্দ, শক্তি ও একতার প্রতীক। তারা বিশ্বকাপের মূল চেতনাকেই ধারণ করছে।”
কানাডার প্রতিনিধি ‘ম্যাপল দ্য মুজ’ (কানাডিয়ান হরিণ) ভ্রমণপ্রিয় ও সংস্কৃতিপ্রচারক চরিত্র। এটি কানাডার সব প্রদেশ ও অঞ্চলে মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ঐতিহ্য তুলে ধরে। মাঠে এর প্রতীকী ভূমিকা রাখা হয়েছে গোলরক্ষক হিসেবে।
যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে ‘ক্লাচ দ্য ঈগল’। আকাশে ওড়া আত্মবিশ্বাসী এই ঈগলকে মাঠে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে দেখা যাবে। দলের সমন্বয় ঘটানো ও শক্তি যোগানোই এর প্রতীকী দায়িত্ব।
অন্যদিকে, মেক্সিকোর প্রতিনিধি হলো ‘জায়ু দ্য জাগুয়ার’। দক্ষিণ মেক্সিকোর জঙ্গল থেকে আসা এই চরিত্র নাচ, খাবার ও ঐতিহ্যের মাধ্যমে মেক্সিকান সংস্কৃতিকে উপস্থাপন করে। আক্রমণভাগের প্রতীকী খেলোয়াড় হিসেবে জায়ু ক্ষিপ্রতা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটাবে।
আগামী ১১ জুন ২০২৬ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে থাকছে হাফটাইম শো। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ, যার ফলে টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ১০৪টি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ