প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৬ AM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে প্রার্থী হতে পারেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, এই আসন থেকে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পরিষদের ১ নম্বর সদস্য হিসেবে খালেদা জিয়াকে রাখা হয়েছে। এটি প্রতীকীভাবে তার প্রার্থিতার সম্ভাবনা তুলে ধরে।
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, “পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন।”
ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরো সংগঠিত ও গতিশীল করতে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ফুলগাজী উপজেলা খালেদা জিয়ার পৈতৃক বাড়ি, যা তাকে এই আসনে স্থানীয় সমর্থন জোগাতে বিশেষভাবে সহায়ক হবে। আসন্ন নির্বাচনে তার প্রার্থী হওয়া স্থানীয় ও জাতীয় রাজনীতিতে নজরকাড়া এক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ