প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম

ফাইল ছবি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তার নামে ‘ভ্রমণরোধ’ থাকায় তিনি দেশ ছাড়তে পারেননি।
শুক্রবার তাজউদ্দীন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি জানান, বিদেশযাত্রায় তার ভাইকে বাধা দেওয়া হয়েছে। কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভবত বুধবার।’ তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, ‘সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।’
সোহেল তাজ ২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। পরে ২০০৮ সালেও একই আসন থেকে পুনর্নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগপত্র দেন। প্রথমবার পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় ৭ জুলাই পুনরায় পদত্যাগ করলে তা কার্যকর হয়। পদত্যাগের পেছনে ‘বাধা সৃষ্টি ও নির্দেশনা অমান্য’-এর অভিযোগ করেছিলেন তিনি। এরপর থেকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ান সোহেল তাজ।
স্বদেশ প্রতিদিন/শাহো