প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৩ পিএম

সংগৃহীত ছবি
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদুজ্জামান নিশাদকে শারদীয় শুভেচ্ছা ও আশীর্বাদ জানাতে বগুড়ায় তার বাড়িতে এসেছেন সাঘাটার প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি ও পূজা উদযাপন পরিষদের নেতারা।
শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর আগের দিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার সেউজগাড়ির নিজ বাড়িতে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন নিশাদ। উৎসবের আগ মুহূর্তে এমন ব্যতিক্রমী উদ্যোগে তৈরি হয় সম্প্রীতির এক উষ্ণ পরিবেশ। উপস্থিত ছিলেন সাঘাটার প্রায় ৪৫ থেকে ৫০টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য নেতৃবৃন্দ।
এ সময় কেউ তাকে বুকে জড়িয়ে ধরেন, কেউবা মমতাভরে হাত রাখেন তার মাথায়। অনুষ্ঠানে ভরতখালি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার বর্মণ, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র বর্মণ, মিঠু চন্দ্র সাহাসহ বহু নেতাকর্মী অংশ নেন।
নাহিদুজ্জামান নিশাদ বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় পাওয়া। একজন নেতার জীবনে এর চেয়ে বড় ভালোবাসা আর কিছু হতে পারে না।’ তিনি আরও জানান, সাম্প্রতিক ব্যস্ততার কারণে নিজে এলাকায় যেতে না পারলেও পূজা মণ্ডপের নেতারাই তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ছুটে এসেছেন। তিনি সকলকে কৃতজ্ঞতা ও শারদ শুভেচ্ছা জানান।
স্বদেশ প্রতিদিন/শাহো