প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম

৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী- ভারত ও পাকিস্তান। সুপার ফোরের এক ম্যাচ হাতে রেখেই ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। আর বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই বহু প্রতীক্ষিত ফাইনালের আগে সাংবাদিকদের সামনে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।
তিনি বলেন, ‘এই ধরনের ম্যাচ (বাংলাদেশের বিপক্ষে জয়) প্রমাণ করে, দলটা খুবই স্পেশাল। আমাদের ব্যাটিংয়ে কিছু উন্নতি দরকার, আমরা সেই দিকেই মনোযোগ দিচ্ছি। তবে আমরা জানি ফাইনালে কী করতে হবে। আমরা যে কাউকে হারাতে পারি, এবং শিরোপা জেতার মতোই দল পাকিস্তান।’
পাকিস্তানের কিউই কোচ মাইক হেসন কেবল ফাইনালে মনোযোগ রাখতে বলেছেন শিষ্যদের। তার মতে, পাকিস্তান এখনো পারফেক্ট ম্যাচ খেলতে পারেনি। যেটা ফাইনালে খেলতে হবে। সব মনোযোগ এখন ফাইনালেই রাখতে হবে।
তিনি বলেন, ‘বড় ম্যাচে আবেগ থাকবে। তবে মনোযোগ কেবল ক্রিকেটে রাখো। আমরা ফাইনালে খেলার দাবিদার। এখন কেবল একটা ম্যাচের ফলই গণ্য হবে। সেটা ফাইনাল। দলের সবাই বিশ্বাস করে, তারা লড়াই করতে পারে।’
সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে ঝাঁঝ ছোঁটানো দৃষ্টি বিনিময় হয়েছিল হারিস রউফের। ব্যাটে-বলের লড়াইয়ে জয়টা অভিষেকেরই হয়েছিল।
ফাইনালের আগে পাকিস্তানের এক ভক্ত রউফের উদ্দেশ্যে বলেছেন, ‘রউফ এবার ওকে ছেড়ে দিও না।’
স্বদেশ প্রতিদিন/এমএম