প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫০ AM

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস হঠাৎ বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ।
গতকাল, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার সময় বিভিন্ন কাউন্টারে কোনো পূর্ব ঘোষণা ছাড়া এই ঘোষণা দেওয়া হয়।
শ্রমিক ও মালিকপক্ষের সূত্রে জানা যায়, সম্প্রতি চালক ও কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর ২৩ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত যৌথ সভায় প্রতিটি ট্রিপে চালককে ১,৭৫০ টাকা, সুপারভাইজারকে ৭৫০ টাকা ও সহকারীকে ৭০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই সিদ্ধান্ত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় টিকিট কাটা যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে। নাটোর থেকে ঢাকায় আসতে টিকিট কাটা এক সহকারী শিক্ষক জানান, রাতের বেলায় কাউন্টার থেকে ফোন করে জানানো হয় শুক্রবার কোনো বাস চলবে না। তবে কবে থেকে পুনরায় চালু হবে, তা নিশ্চিত করতে পারেননি কর্তৃপক্ষ। তিনি যাত্রীদের ভোগান্তির জন্য মালিকদের দায়ী করে শাস্তির দাবি জানিয়েছেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, আলোচনার মাধ্যমে বেতন নির্ধারণের পরও কোনো পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ করা ন্যক্কারজনক। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে মালিকপক্ষ কোনো মন্তব্য করেননি। তবে একতা ট্রান্সপোর্টের বাসগুলো রাজশাহী-ঢাকা রুটে স্বাভাবিকভাবে চলাচল করছে।