প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০২ AM

আগামীকাল (২৬ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হচ্ছে টানা ১৩ দিনের কমেডি উৎসব, যা ৯ অক্টোবর পর্যন্ত চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০ জন কমেডিয়ান অংশগ্রহণ করবেন। উৎসবে অংশ নিতে দর্শকদের টিকিট কাটতে হবে।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এই আয়োজনকে নিয়েও প্রশ্ন তুলেছে। সংস্থার মতে, সৌদি সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে মানুষের নজর সরানোর উদ্দেশ্যে এই ধরনের উৎসব আয়োজন করছে। উল্লেখ্য, উৎসব চলাকালীন সময়ে সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগির মৃত্যুবার্ষিকী পূর্ণ হবে। খাশোগিকে সাত বছর আগে তুরস্কে সৌদির একটি গুপ্তহত্যাকারী দল হত্যা করেছিল।
এইচআরডব্লিউ’র সৌদি বিষয়ক গবেষক জোয়ে শেয়া বলেন, “যেসব কমেডিয়ান বড় অঙ্কের অর্থ পাচ্ছে, তাদের চুপ থাকা উচিত নয়। তারা সৌদিতে কমেডি শো করার সুযোগে দেশটির বন্দি অধিকারকর্মীদের মুক্তি দাবি করতে পারে এবং ফাঁসিতে ঝুলানো ব্যক্তিদের বিষয়ে কথা বলতে পারে।”
এই কমেডি শোতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন খ্যাতনামা কমেডিয়ান অংশগ্রহণ করবেন। তাঁদের মধ্যে আছেন কেভিন হার্ট, ডেভ চ্যাপেল, আজিজ আনসারি, পেটে ডেভিডসন ও জিমি কার।
উৎসবকে সৌদি সরকারের ভিশন-২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে দেখানো হচ্ছে। এর মাধ্যমে তারা তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বিভিন্ন খাতে প্রসারিত করতে চাইছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ