ড. ইউনূস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন : ফয়জুল করিম
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:১২ AM

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন এবং রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “ড. ইউনূস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন।”
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তা স্টিলপট্টিতে ইসলামী আন্দোলনের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অভিযোগ করেন, সরকারপ্রধান নিরপেক্ষ নন, তিনি কেবল কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন এবং অন্যদের উপেক্ষা করেছেন।
ফয়জুল করিম বলেন, দেশে কিছু জরিপ প্রতিষ্ঠান দালালির ভূমিকা পালন করছে, তারা ইচ্ছেমতো রিপোর্ট প্রকাশ করছে। প্রকৃত রিপোর্ট তারা প্রকাশ করে না, বরং ইসলামী আন্দোলনের কোনো ভোট নেই বলে বিভ্রান্তিকর তথ্য দেয়।
তিনি আরও বলেন, গত ৫৩ বছরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, বরং দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে। তাই সাধারণ মানুষ এখন আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো মূল্যে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান।
সমাবেশে ফরিদপুর-২ আসনের খেলাফত মজলিস প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, মুফতি সরাফত হোসেন, ওয়ালিউর রহমান রাসেলসহ বিভিন্ন ইসলামিক দলের নেতারা বক্তব্য দেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ