প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৬ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের সাবেক শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা হাতে হাতে প্ল্যাকার্ড তুলে ধরে জুঁই হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, পরিকল্পিতভাবে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে, অথচ ‘জীন হত্যা’ বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
কলেজ অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুঁই ছিলেন মেধাবী শিক্ষার্থী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক ব্যক্তি কচুরিপানা তুলতে গিয়ে লাউরফতেহপুর ইউনিয়নের পুকুরে জুঁইয়ের মরদেহ দেখতে পান। নিহত জুঁই সম্প্রতি ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ