প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম

সংগৃহীত ছবি
আজকের দ্রুতগতির পৃথিবীতে সবাই যেন ছুটছে। কাজ, দায়িত্ব, সম্পর্ক, সবকিছুর টানাপোড়েনে আমরা দম ফেলারও সুযোগ পাই না। এই ব্যস্ততায় কখন শরীর-মন ক্লান্ত হয়ে পড়ছে, তা আমরা বেশিরভাগ সময়ই খেয়াল করি না। অথচ শরীর নানাভাবে সংকেত দেয়, বিরতি চাই বলে জানায়। সেই সংকেতগুলো উপেক্ষা করলে শারীরিক ও মানসিক ক্লান্তি দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে। তাহলে কীভাবে বুঝবেন যে আপনার সত্যিই এখন বিশ্রাম দরকার?
অবিরাম ক্লান্তি
সারা রাত ঘুমিয়েও সকালে ঘুমভাঙার পর মনে হচ্ছে আবারও ঘুমাতে চান? এটি শুধু খারাপ ঘুমের ফল নয়; শরীর আসলে জানাচ্ছে, এখনই একটু বিরতি নেওয়া উচিত।
মনোযোগ ও উৎপাদনশীলতা কমে যাওয়া
হাতের কাজ শেষ করতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে, ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়, কিংবা মনোযোগ ধরে রাখতে পারছেন না—এসবই মানসিক চাপের ফল। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চাপ সৃজনশীলতা ও দক্ষতা ধীর করে দেয়।
মেজাজের অস্থিরতা
ছোটখাটো ব্যাপারেই বিরক্ত হয়ে ওঠা, অকারণে অন্যদের ওপর চিৎকার করা বা আবেগ সামলাতে না পারা সাধারণত বার্নআউটের লক্ষণ। এটি প্রমাণ করে আপনার মানসিক পুনরুজ্জীবনের প্রয়োজন।
শারীরিক সংকেত
বারবার মাথাব্যথা, শরীর ব্যথা, হজমের সমস্যা বা ঘন ঘন সর্দি-জ্বরও বিশ্রামের অভাবের লক্ষণ। চাপের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে বলেই শরীর এসব সংকেত দিচ্ছে।
সামাজিকভাবে গুটিয়ে যাওয়া
বন্ধুদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে না, প্রিয় কাজগুলোতেও আগ্রহ হারিয়ে ফেলছেন—এমনটা যদি নিয়মিত হয়, তবে বুঝবেন মানসিকভাবে আপনি ক্লান্ত। নিজেকে আবারও সক্রিয় করতে দরকার বিশ্রাম ও রিচার্জ।
বিশ্রাম কোনো বিলাসিতা নয়, বরং শরীর-মনকে ভারসাম্য রাখতে এটি অপরিহার্য। তাই শরীর যখন সংকেত দেয়, তখন সেটি শোনা এবং নিজেকে বিরতি দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।