প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম

চাঁদার দাবিতে মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূকে ঘরের ভেতর আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছে কয়েকজন যুবক।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকেই ওই নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে উপজেলার বিভিন্ন মহলে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। তবে ওই গৃহবধূর সঠিক ঠিকানা পাওয়া যায়নি।
অনেকের ধারণা, এ ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশগাড়ি এলাকার কোনো এক গ্রামে। জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মধ্যবয়সী এক গৃহবধূকে বুধবার গভীর রাতে একটি টিনসেট ঘরের মধ্যে একা আটকে রাখে দুর্বৃত্তরা। পরে সেখানে বসে ওই গৃহবধূকে প্রচণ্ড মারধর করতে দেখা যায়। এ সময় ওই গৃহবধূ চিৎকার করে বলতে থাকেন, ‘আমি বিষ খেয়ে মরে যাব, আমাকে আর মারবেন না।” তখন দুর্বৃত্তরা বলে, ‘আমাদের টাকা দিবে, তািই তোর অনেক ক্ষতি করা হবে।’ তবুও এ সময় গৃহবধূকে বারবার রামদা দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন সচেতন মহল প্রশাসনের কাছে ওই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানায়। তবে ওই ভিডিওতে গৃহবধূ দাবি করেন, তিনি নির্দোষ এবং তিনি কোনো অন্যায় করেননি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি একেএম সোহেল রানা জানান, যাকে মারধর করা হয়েছে, ওই মহিলার নাম বুলু বেগম। তার বাড়ি বাঁশগাড়ি এলাকার খুনের চরে। বুলু বেগমের স্বামী নেই, তিনি বিধবা এবং তার দুটি সন্তান রয়েছে। কেন তাকে নির্যাতন করা হলো, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম