প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০১ পিএম

সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসী কর্মীদের ধরতে বিশেষ অভিযানে ১৫০ বাংলাদেশিসহ মোট ৮৯৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এতে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ভারতের নাগরিকরা আটক হন।
সেলাঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, চার মাসের গোয়েন্দা নজরদারির পর এ অভিযান পরিচালিত হয়। শতাধিক দোকানপাট ও বাণিজ্যিক ভবনে তল্লাশি চালানো হয়।
অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ান রয়েল পুলিশ, মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্স, ক্লাং সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা অংশ নেন।
মোট ১ হাজার ১৩২ জনের কাগজপত্র যাচাইয়ের পর ৮৯৮ জনের বৈধতা না থাকায় তাদের আটক করা হয়। এর মধ্যে ৬৪৩ জন পুরুষ ও ১৯ জন নারী।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬৪৩ জন, বাংলাদেশের ১৫০ জন, পাকিস্তানের ৩৫, মিয়ানমারের ৩৬, নেপালের ২৪ এবং ভারতের ১০ জন রয়েছেন। তবে কোনো বাংলাদেশি নারী রয়েছেন কি না তা জানা যায়নি।
সব আটককৃতকে সেলাঙ্গার অফিসে নিয়ে যাওয়া হয়েছে। কাগজপত্র যাচাই শেষে তাদের সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে।
ইমিগ্রেশন কর্মকর্তা সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দিলে সাধারণ মানুষসহ নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, কিছু নিয়োগকর্তা অভিযানে কর্মীদের বৈধ কাগজপত্র দিয়ে সহায়তা করেছেন, যা প্রমাণ করে সবাই আইন ভঙ্গ করেননি। তবে ভবিষ্যতে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।