প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪০ পিএম

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার
মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার আব্দুল আলীর ছেলে মো. রবিউল হাসান (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. হাবিবুর (২১) এবং একই উপজেলার বায়রা এলাতার ফারুক হোসেনের ছেলে নাঈমুর হোসেন শাওন (২৭)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার ২৪ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার শাহীন ইটভাটার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রবিউলের কাছ থেকে ১৫ পিস, হাবিবুরের কাছ থেকে ১০ পিস এবং নাঈমুরের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি মানিকগঞ্জের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।