প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ১১:২৭ PM

গজারিয়ায় বাউশিয়া-গুয়াগাছিয়া সংযোগ সেতু প্রকল্পের স্থান নির্ধারণ
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে মেঘনার শাখা নদী দ্বারা বিচ্ছিন্ন গুয়াগাছিয়া ইউনিয়নকে গজারিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পুরোনো খেয়াঘাট হয়ে মেঘনার শাখা নদীর ওপর সেতু নির্মাণের মাধ্যমে বিপরীত দিকের দক্ষিণ-পূর্ব প্রান্তের গুয়াগাছিয়া ইউনিয়নের বালুচর গ্রামসংলগ্ন ট্রলারঘাটকে বাউশিয়ার সঙ্গে সংযুক্ত করা হবে।
এর ফলে, গুয়াগাছিয়া ইউনিয়নবাসী সড়ক পথে বাউশিয়া হয়ে নিজ উপজেলা গজারিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হবেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বাউশিয়া-গুয়াগাছিয়া পর্যন্ত সম্ভাব্য ৬৮০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের স্থান নির্বাচন করা হয়েছে। নির্বাচিত স্থানে সয়েল টেস্ট, টপোগ্রাফিকাল সার্ভে, হাইড্রো-মরফোলজিক্যাল স্টাডিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সেতুর নকশা সম্পন্ন করা হবে।
সেতু নির্মাণের সম্ভাব্য স্থান (মেঘনার শাখা নদীর) বাউশিয়া ও গুয়াগাছিয়া প্রান্ত বুধবার পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. এবাদত আলী, মুন্সীগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, গজারিয়া উপজেলার উপজেলা প্রকৌশলী মো. সামিউল আরেফিন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. এবাদুল হক, বাউশিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মাস্টার, সমাজসেবক সেলিম সরকারসহ দুটি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বাউশিয়া-গুয়াগাছিয়া সংযোগ সেতুটি নির্মাণ সম্পন্ন হলে গুয়াগাছিয়া ইউনিয়নসহ আশপাশ এলাকার মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে এবং সড়ক যোগাযোগে ব্যাপক উন্নয়ন হবে।