প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ৮:৪২ PM

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানে দেখা যায় আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ১৩৩ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের সাইফ হাসানের। আর বোলারদের তালিকায় উন্নতি হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) এই হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সাইফ হাসানঃচলমান এশিয়া কাপের শুরুতে খেলার সুযোগ পাননি সাইফ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন সাইফ। সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন সাইফ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। পরপর দুই ম্যাচে দারুণ ব্যাটিং নৈপূণ্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ। ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে ৮১তম স্থানে উঠেছেন এই ডান-হাতি ব্যাটার।
এছাড়াও বাংলাদেশ ব্যাটারদের মধ্যে আরও উন্নতি হয়েছে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়ের। দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠেছেন লিটন। এবং সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন ৫৫২ রেটিং অর্জন করা হৃদয়।
মুস্তাফিজুর রহমানঃএশিয়া কাপে এখন পর্যন্ত ৭ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এরমধ্যে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে সমান ৩টি করে মোট ৬ উইকেট শিকার করেন ফিজ। তাই বোলারদের তালিকায় প্রভাব ফেলেছেন তিনি। ছয় ধাপ এগিয়ে ৬৬০ রেটিং নিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।
এছাড়াও তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ স্পিনার মাহেদি হাসানের। ৬২৯ রেটিং নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন মাহেদি। দুই ধাপ উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ৫২৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে আছেন তিনি।
এদিকে নিজ দেশের খেলোয়ারদের এমন অগ্রগতি দেখে বেশ উচ্ছ্বাসিত দেখা যায় বাংলাদেশের দর্শক এবং ক্রিকেট সমর্থকদের।