প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০০ পিএম

সংগৃহীত ছবি
পঞ্চগড়ে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক পক্ষের দ্বন্দ্বের জেরে তরুণ উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চা কারখানার ভেতরেই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উদ্যোক্তা আরিফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে পরিচালকদের মধ্যে বিরোধের কারণে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ ছিল। একপক্ষে ছিলেন সাবেক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনের স্ত্রী আইরিন পারভীন, তার সন্তান ও ভায়রা ভাই; অন্যপক্ষে ছিলেন আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম।
আরিফ হোসেন বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় ক্ষমতায় ড. মুহাম্মদ ইউনূস সরকার আসার শুরুতে তরুণ উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাই। এরপর এমডি ও সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের সম্মতিতে আদালতের অনুমতি নিয়ে আমরা পাঁচজন তরুণ উদ্যোক্তা চুক্তিভিত্তিকভাবে কারখানার উৎপাদন কার্যক্রম শুরু করি। এতে শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়।”
তিনি অভিযোগ করে বলেন, কিছুদিন পর আব্দুর রাজ্জাক বাদী হয়ে চেয়ারম্যান আইরিন পারভীন, পরিচালক শাহআলম মিঠু, সাবেক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনের পাশাপাশি তার ছোট ভাই রাকিব হোসেনকে আসামি করে আদালতে মামলা করেন। এর মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে।
আরিফ হোসেন আরও বলেন, “কারখানাটি বন্ধ হয়ে গেলে শতাধিক শ্রমিক পরিবার কর্মহীন হয়ে পড়বে। একই সঙ্গে চা চাষীরা ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের রাজস্ব আয় কমে যাবে। অথচ আমাদের অহেতুক মামলায় জড়ানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং মামলা থেকে মুক্তির দাবি করছি।”
সংবাদ সম্মেলনে নতুন উদ্যোক্তা রাকিব হোসেন, কারখানার মকলেছার রহমান, মন্তাজ আলীসহ শ্রমিক ও চা চাষীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো