প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক হত্যাকাণ্ডে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা এবং ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক। রায় ঘোষণার সময় শেষোক্ত দু’জন পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের মো: আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কয়েকদিন ধরে তার সন্ধান না পেয়ে ১৭ এপ্রিল তার মা মোসা: ফরিদা মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরী করেন। পরদিন স্থানীয়রা বড়শৌলা খালে আরিফুলের লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করলে তারা লাশ সনাক্ত করেন। লাশের মাথা, বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
নিহতের মা মোসা. ফরিদা ১৮ এপ্রিল রাতে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ ১২ জনকে আসামী করে, পরে তাদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
মামলার রায়ে নিহতের মা খুশী হলেও আপিল করবেন কিনা তা এখনও জানাননি। মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন, এবং আসামী পক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
স্বদেশ প্রতিদিন/কেআইকে