প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১১ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৪:৩৫ PM

গাজীপুরের টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, সোমবার টঙ্গী এলাকার একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে শামীম আহমেদ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের শতভাগ দগ্ধ হওয়ায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান। বর্তমানে আরও তিনজন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, শামীম আহমেদের জানাজা মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন শামীম আহমেদ। তার বাড়ি নেত্রকোনা জেলায়। তিন সন্তানের জনক ছিলেন তিনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ