| শিরোনাম: |

সংগৃহীত ছবি
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেমকে ধর্ষণের শিকার এক শিশুর অভিভাবকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন করে ডা. কাশেম অসদাচরণ করেছেন। এর আগে ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের মহিলা ওয়ার্ডে পাঁচ বছরের ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে অশালীন ও আক্রমণাত্মক আচরণ করেন তিনি।
ঘটনার পর সিভিল সার্জন তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে পদ থেকে সরিয়ে দেন। পরে মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু করে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর দেবীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে সে আদালতের নির্দেশে কিশোর সংশোধনাগারে রয়েছে।