প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:১২ AM আপডেট: ২৩.০৯.২০২৫ ২:১৪ এএম

সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনের পর রাকসু কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলের সময় ছাত্রশিবির নেতারা জানান, প্রথমে তারা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
রাকসু কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্যই রাকসু নির্বাচন বারবার পেছানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, “রাকসু নির্বাচন কমিশনারের একতরফা সিদ্ধান্ত আমরা মেনে নিই না। নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন করা হচ্ছে শুধুমাত্র একটি দলের সুবিধার জন্য। আগামী ১৬ অক্টোবরের নির্বাচনও যে পরিবর্তন হবে না, তা নিয়েও সন্দেহ রয়েছে। আমরা কমিশনের একচেটিয়া সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।”
রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আগেও একাধিকবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে এবং ছাত্রদলকে সুবিধা দিতে মনোনয়ন ফরমের সময়সীমা বাড়ানো হয়েছে। আজও ছাত্রদলের অবস্থান বিবেচনায় রেখেই নির্বাচন পেছানো হয়েছে।”
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “সবদিক বিবেচনায় আমাদের নির্বাচন পেছাতে হয়েছে। রাকসু নির্বাচন পরিচালনার জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রয়োজন। পোষ্য কোটা ইস্যুতে শাটডাউন থাকায় আমাদের কাজে বাধা সৃষ্টি হয়েছে। আমরা আশা করি, আগামী ১৬ অক্টোবর উৎসবমুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও বিভিন্ন হল ইউনিটের নেতাদের সঙ্গে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।