| শিরোনাম: |

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। শারদীয় দুর্গাপূজার পর আগামী ১৬ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারিত রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবস্থা নির্বাচনের জন্য অনুকূল নয়।
কারণ হিসেবে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলমান থাকায় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাকসু নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে কমিশন সর্বসম্মতভাবে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) নতুন তারিখ নির্ধারণ করেছে।