প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম

যুক্তরাজ্য, পর্তুগাল, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ইউরোপের আরও বেশ কয়েকটি দেশও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে বিশ্ব নেতারা সমবেত হচ্ছেন। অধিবেশনে গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা হবে।
এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল পশ্চিম তীরের কিছু অংশ দখলের ঘোষণা দেয়। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সতর্ক করে বলেন, এই সিদ্ধান্ত সঠিক হবে না এবং ইসরায়েলের উচিত উত্তেজনা না বাড়ানো।
বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে এক টার্নিং পয়েন্ট তৈরি করছে। ইউরোপের অন্য দেশগুলো একে একে যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বহুগুণে বৃদ্ধি পাবে।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের সমাধান হিসেবে দ্বি-রাষ্ট্র ভিত্তিক প্রস্তাবকে সবচেয়ে কার্যকর মনে করা হলেও অগ্রগতি ছিল সীমিত। ফ্রান্সসহ পশ্চিমা শক্তিগুলোর এই স্বীকৃতি নতুন আলোচনার পথ খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ