প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম

দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়
নরসিংদীর পলাশে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, তার পরিবারের সদস্যরা, পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, সদস্য সচিব মো. বদিরুল আলমসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একজন সম্মানিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে তাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।
মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের স্ত্রী অভিযোগ করে বলেন, “আমার স্বামী ৭৫ বছর বয়সী চলাফেরায় অক্ষম একজন মানুষ। ৫৪ বছর আগে তিনি দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছিলেন। অথচ আজ তাকে হয়রানি করার জন্য বিএনপির যুবদল নেতা তার চাচাত ভাইয়ের ছেলের প্রভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরো বলেন, “গত ১০ সেপ্টেম্বর তাদের পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিপক্ষ, কবরস্থানের ভেতরে লাগানো গাছ কেটে নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর থানায় অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে প্রতিপক্ষ সন্ত্রাসী টুনু ১৫ সেপ্টেম্বর নরসিংদী কোর্টে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে হয়রানি শুরু করে।”
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ও তার পরিবারসহ উপস্থিত অন্যান্য মুক্তিযোদ্ধারা মামলা প্রত্যাহারসহ সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার দাবি করেন।