
ফাইল ছবি
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যাওয়া প্রসঙ্গে সরকারের সমালোচনা করেছেন।
তিনি দাবি করেছেন, নিজেদের সুরক্ষার স্বার্থে রাজনৈতিক প্রতিনিধিদের নেওয়া হয়েছে এবং উপদেষ্টা পরিষদ কার্যত বৈষম্য সৃষ্টি করছে।
আজ সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে রাশেদ খান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিজেদের সুরক্ষার স্বার্থে সঙ্গে নিয়েছেন। সেখানে রাজনৈতিক নেতাদের কোনো কার্যকর ভূমিকা নেই। স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে পারে। হয়তো গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্ত করার মতো ঘটনা ঘটত।
ইতিমধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার হাতে অবস্থান নিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগও সেখানে রয়েছে। বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান, ধরুন যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেত, তাহলে কি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আসত? না আসলে পরিস্থিতি কী হতো? অর্থাৎ সরকারের উপদেষ্টারা যত বড় কথাই বলুক না কেন, তারা রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতায় টিকে আছে।”
রাশেদ খান আরও বলেন, “আমার মাঝে মাঝে মনে হয়, বৈষম্য দূর করতে আসার উদ্দেশ্য নিয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদ আরও বৈষম্য উৎপাদন করেছে।”
তিনি উল্লেখ করেন, জাতিসংঘ সফরে বিএনপির দুইজন এবং জামায়াত-এনসিপির একজন করে প্রতিনিধি থাকায় জামায়াত-এনসিপি সরকার থেকে সমতা দাবি করেছে। তাদের মতে, নিজেদের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠিত হলে আর কোনো দলের প্রয়োজন হবে না। এভাবেই সরকার ও রাজনৈতিক দলগুলো সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচারের বাংলাদেশ গঠন করতে চায়।
এসময় রাশেদ খান প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের সফলতা কামনা করেছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার দিবাগত রাতে দেশের তিনটি রাজনৈতিক দলের ছয়জন সফরসঙ্গীসহ তিনি ঢাকা ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
স্বদেশ প্রতিদিন/শাহো