প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৩:৫৭ PM

প্রতীকী ছবি
যশোরে এক নারী ডিপো ম্যানেজারকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী নিজেই রোববার (২১ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত সোহেল যশোরের স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ডিপো ইনচার্জকে ডেকে নিয়ে ধর্ষণের পর বেধড়ক মারধর করে এবং অপ্রীতিকর ছবি ও ভিডিও ধারণ করে সোহেল। পরে এসব ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিও দেন তিনি। ঘটনার পর থেকেই সোহেল গা-ঢাকা দিয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, চার-পাঁচ মাস আগে সোহেল তাদের কোম্পানির ডিলারশিপ নেন। কোম্পানির পণ্য ছিল পশু-পাখির খাবার ও ওষুধ। ওই সময় থেকেই তার সঙ্গে পরিচয় হয় সোহেলের। গত ১৮ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে অফিসে ডিলারদের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে সোহেল তার নম্বর নেন। সেদিন রাতেই ফোন করে বলেন, শুক্রবার সকালে অফিসে একটি সমস্যার বিষয়ে আলোচনা করতে হবে।
পরদিন সকালে ওই নারী অফিসে গেলে তালা মারা দেখতে পান। এরপর সোহেল তাকে তার ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে কাউকে না দেখে বের হতে চাইলে সোহেল তাকে মারধর করেন। এরপর মুখে হিজাব গুঁজে ধর্ষণ করেন এবং ছবি-ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখান তিনি। পরে ভুক্তভোগী কোনোভাবে সেখান থেকে বের হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল সম্পন্ন হয়েছে। আজ আদালতে তার জবানবন্দি প্রদানের কথা রয়েছে।” তিনি আরও জানান, অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, সোহেলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে এবং তিনি গণপিটুনির শিকারও হয়েছেন। এছাড়া নিজের স্ত্রীকে হত্যার সঙ্গেও জড়িত ছিলেন সমালোচিত এই সোহেল।
স্বদেশ প্রতিদিন/শাহো