
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বিভ্রান্তিকর পোস্ট ঘিরে আবারও আলোচনায় এসেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। দাবি করা হয়, ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির নাকি তার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা ও অপমানজনক বলে উড়িয়ে দিয়েছেন হাসান মাসুদ। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে ভাইরাল হওয়া ওই পোস্টে বলা হয়, রাজধানীর একটি মিলনমেলায় দেশের তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন হাসান মাসুদ। সেখানেই হানিয়া আমির নাকি তার গায়ের রঙের কারণে তার সঙ্গে করমর্দন করতে রাজি হননি। তবে হাসান মাসুদ এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে জানান।
হাসান মাসুদ বলেন, “আমি হানিয়া আমিরকে চিনি না, কখন আসছে-যাচ্ছে তাও জানি না। এমন একটি আজগুবি ও বর্ণবাদী গুজব কীভাবে ছড়ায়, সেটাই আশ্চর্যের। এটা আমার জন্য অপমানজনক এবং আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা। যারা এসব তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো, যদি তারা সংশোধনী না আনে।”
তিনি আরও বলেন, “এটা দায়িত্বহীনতার চূড়ান্ত উদাহরণ। যারা এসব করেছে, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।”
অভিনয়ে দীর্ঘ বিরতির পরও মাঝেমধ্যেই আলোচনায় আসেন এই অভিনেতা। তিনি জানান, সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করেছেন, তবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। “এখন আর অভিনয়ে আগ্রহ নেই। বয়স হয়েছে, আগামী বছর হজে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ যেন কবুল করেন, আপনারা দোয়া করবেন।” বলেন তিনি।
এক সময়ের ক্রীড়া সাংবাদিক হাসান মাসুদ জানান, ভালো কোনো প্রস্তাব পেলে সাংবাদিকতায় ফিরতেও আগ্রহী তিনি।
১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন হাসান মাসুদ। এরপর ক্রীড়া সাংবাদিকতা দিয়ে শুরু হয় তাঁর গণমাধ্যম জীবন। বিবিসির বাংলা বিভাগে কাজ করার পর ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্র দিয়ে শোবিজে প্রবেশ করেন তিনি। এরপর ‘মেড ইন বাংলাদেশ’সহ একাধিক সিনেমা ও নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।
এদিকে, গত ১৮ সেপ্টেম্বর সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হানিয়া আমির। তরুণদের মধ্যে ইতোমধ্যেই তার আগমন নিয়ে তৈরি হয়েছে আলোড়ন।
তবে তাকে ঘিরে ছড়ানো এই ভুয়া তথ্য স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন হাসান মাসুদ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে