প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম

সংগৃহীত ছবি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পিরোজপুরের প্রতিমা কারখানার মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। তাদের দক্ষ হাতে জীবন্ত হয়ে উঠছে প্রতিটি প্রতিমা।
পিরোজপুর শহরের ঐতিহ্যবাহী পালপাড়া এলাকাতে সবচেয়ে বেশি কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। দুই শত বছরেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরির জন্য বিখ্যাত এই এলাকা দক্ষিণাঞ্চলের বৃহত্তম প্রতিমা শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার প্রতিমার চাহিদা শুধু পিরোজপুরেই নয়, বরিশাল, ঝালকাঠি, বাগেরহাটসহ আশেপাশের জেলাগুলোতেও ব্যাপক। ফলে প্রতিমা বিক্রির কারণে স্থানীয় অর্থনীতিতেও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমা তৈরিতে রাত দিন পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা। কেউ কাদা তৈরি করছেন, কেউ কাদা দিয়ে প্রতিমার আকৃতি তৈরি করছেন। বেশিরভাগ এলাকায় প্রতিমার কাদামাটি লাগানোর কাজ ইতিমধ্যেই শেষ।
তবে শিল্পীদের মতে, বাড়তি খরচ তাদের দীর্ঘদিনের ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে। কাঁচামাল ও শ্রমিকের মজুরি বেড়েছে, কিন্তু প্রতিমার দাম বাড়েনি। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।
প্রতিমা শিল্পের কারিগর দেবাশীষ মন্ডল বলেন, “পুর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখার চেষ্টা করছি। খরচ বাড়ছে, আয় বাড়ছে না। এভাবে চললে হয়তো একদিন এই শিল্প হারিয়ে যাবে। সরকারি সহায়তা না গেলে এই শিল্প টিকিয়ে রাখা কঠিন।”
পিরোজপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দোলা গুহ জানান, “পিরোজপুর জেলায় এ বছর ৪৫৬ মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হবে। তাই শেষ মুহূর্তের ব্যস্ততা ও ক্রেতাদের ভিড়ে প্রতিমা কারখানাগুলো এখন প্রাণবন্ত হয়ে উঠেছে।”
স্বদেশ প্রতিদিন/শাহো