প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম

সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের আয়োজনে ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচি’র ২০তম সেশন সফলভাবে শেষ হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৪২ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণে তরুণরা আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি মাইন্ডসেট উন্নয়ন ও বহুমুখী দক্ষতা অর্জনের দিকনির্দেশনা পান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তরুণদের অলরাউন্ডার হিসেবে গড়ে তোলা প্রয়োজন। ২০০১ সাল থেকে আমরা আত্মকর্মসংস্থান ও যুব উন্নয়নে কাজ করে আসছি। তরুণরা যদি আত্মবিশ্বাসী ও কর্মমুখী হয়, তবে তারা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।”
প্রধান অতিথি মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য বলেন, উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসায় সফল হওয়া নয়, বরং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতীক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, ব্যবসায়ী মানিক বিশ্বাস ও সাংবাদিক আবু কাউছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা ও জামাল হোসেন পান্না।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন অজয় মুখার্জি ও মোহাম্মদ হোসেন শান্তি, যা অনুষ্ঠানে আনন্দময় পরিবেশ যোগ করে।
উল্লেখ্য, সার্বজনীন গ্রুপের এ প্রশিক্ষণ স্থানীয় তরুণদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বদেশ প্রতিদিন/শাহো