প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫০ পিএম

সংগৃহীত ছবি
রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর এলাকায় দীর্ঘদিন ধরে কমিউনিটি ক্লিনিকটি তালাবদ্ধ থাকায় সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়রা বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, টাপুরচর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. আব্দুল ওয়াদুদ ভূইয়া দীর্ঘদিন উপস্থিত থাকেননি। তিনি পূর্বে আওয়ামী লীগের বন্দবেড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। সরকারি তত্ত্বাবধানে ক্লিনিকটি পরিচালনার কথা থাকলেও, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি নিয়মিত ক্লিনিক পরিচালনা করছেন না। ফলে প্রায় ৩০ হাজার জনসংখ্যা সাধারণ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
এছাড়া অভিযোগ রয়েছে, মাঝে মাঝে সিএইচসিপি ক্লিনিকে গোপনে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেন এবং অন্যান্য জরুরি কাজ শেষ করে চলে যান। এতে সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে এবং রোগীরা সেবা না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য সহকারী আবু হানিফ এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডি/বিওভি) ক্লিনিকে সপ্তাহে দুই দিন উপস্থিত থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। স্থানীয়রা জানান, ক্লিনিকের নিয়মিত কার্যক্রম না থাকার কারণে অসহায় রোগীরা ঔষুধ নিতে গিয়ে ফেরত যাচ্ছেন।
এ বিষয়ে সিএইচসিপি আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, আমার একটি মামলা আছে, আমি ঢাকা হাই কোর্টে এসেছি। জামিন হলে নিয়মিত অফিস করব।
স্বাস্থ্য সহকারী আবু হানিফ বলেন, সপ্তাহের প্রতিদিন টিকা দেওয়ার কাজে ব্যস্ত থাকি, তবে মাঝে মাঝে ক্লিনিকে আসি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ বলেন, “বিষয়টি আমি জানি, তবে সেখানে কিছু জটিলতা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো