প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম

সংগৃহীত ছবি
‘দেশে আবারও একটি সুষ্ঠু নির্বাচনের বিপরীতে ষড়যন্ত্র চলছে। প্রশাসনে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দখলদারিত্ব রেখে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলন থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন বলেন, দেশে একটি চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা অতীতে দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এখনো তারা ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।
গত ১৬ বছর ধরে মামলা, জুলুম, নির্যাতন ও অবিচারের শিকার হয়েও বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। আমাদের এই লড়াই জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং এর চূড়ান্ত রায় দেবে দেশের জনগণ।
জাতীয়তাবাদী শক্তির মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের ঐক্য নষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদই টিকবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক নেতা মীর সরাফৎ আলী সপু ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।