প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম

ফাইল ছবি
আলোচিত-সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক বিষয়ে বিতর্কিত বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২১ সেপ্টেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।
আমির হামজা বলেন, সংগঠন থেকে আমাকে রাজনৈতিক কোনো বিতর্কিত বক্তব্য না দিতে বলা হয়েছে। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল বলেছেন, মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কুরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না। কোনো বিষয়ে তুলনা করতে গেলেই প্যাঁচ লাগে, আমি আর এসবের মধ্যে নেই।
সাম্প্রতিক বিতর্কিত বক্তব্য
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলকে ঘিরে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি জানান, সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটা মুখ ফসকে হয়ে গেছে। আমি এ জন্য ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে। বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি। এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি। কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি।
একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ‘মদের বোতল’ নিয়ে দেওয়া বক্তব্য নিয়েও তিনি সমালোচিত হন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। কী হতো সবাই জানে। তবে এখন বলা হচ্ছে মদের বোতলে পানি খাওয়া হতো। যদি তাই হয় আমি দুঃখিত, আর এসব নিয়ে কিছু বলব না।”
রাশমিকা মান্দানাকে নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে আমির হামজা জানান, মা হাওয়ার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে রাশমিকার নাম তুলেছিলাম। এজন্য আমি প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মুফতি আমির হামজা। তবে সাম্প্রতিক এক মাহফিলে তিনি দাবি করেন, গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে ফজরের আজান দিতে দেওয়া হয়নি। বক্তব্যে তিনি বলেন, জালেমরা ছাত্রলীগের ভাইদের ঘুমের ব্যাঘাত হবে বলে আজান দিতে দিত না। ডাকসু নির্বাচনে শিবির প্যানেল জয়ী হওয়ার পরদিন থেকে আজান শুরু হয়।
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার ঝড় ওঠে। ছাত্রদল প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে তাকে। এমনকি ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতারাও তার বক্তব্যের সমালোচনা করেছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো