প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৬ AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর একটি ডোবা থেকে ভেসে উঠেছে জুঁই (২০) নামের এক কলেজছাত্রীর মরদেহ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কচুরিপানা তুলতে গিয়ে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত জুঁই উপজেলার লাউরফতেহপুর গ্রামের আবুল হাসনাতের মেয়ে। সম্প্রতি ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন তিনি।
জানা গেছে, জুঁই গত দুই দিন আগে ভোররাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করছিলেন। শনিবার দুপুরে তার নিথর দেহ ভেসে ওঠে গ্রামের সেই ডোবায়, যেটিকে ঘিরে নানা গুজব ও আতঙ্ক স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত।
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ঈদন বলেন, ‘ডোবা বা পুকুরটি নিয়ে বহু বছর ধরেই নানা গুজব প্রচলিত রয়েছে। কেউ বলেন, এখানে জীনের আস্তানা, কেউ বলেন, অভিশপ্ত। এ পুকুর থেকেই এর আগেও একাধিক মরদেহ পাওয়া গেছে।’
গ্রামের বাসিন্দা সুজন খন্দকার জানান, দশ বছর আগে আমার এক ফুফাতো ভাইয়ের মরদেহও ঠিক এই ডোবা থেকেই উদ্ধার হয়েছিল। এবার জুঁইয়ের লাশও এখানেই মিলল। এমন বারবার মৃত্যুর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।
নিহতের বাবা আবুল হাসনাত কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে খুব ভদ্র ছিল। কারও সঙ্গে প্রেম বা খারাপ কোনো সম্পর্কে জড়িত ছিল না। ডোবাটাকে সবাই অভিশপ্ত বলে, আগেও তো এমন ঘটনা ঘটেছে। এখন আমার মেয়েকেও কেড়ে নিল।’
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি, এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো অপরাধমূলক তৎপরতা রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম