প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। শনিবার বিকাল ৫টার দিকে শহরের টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারেক রহমান সবসময় বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সেই মন্ত্রে বিশ্বাস করেই বিএনপি কাজ করছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আমরা আগের মতো এবারও পাশে থাকবো।”
সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ ও মাফতুন আহমেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল রায়।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, সোনাতলা উপজেলার বিকাশ কর্মকার, ধুনট উপজেলা সভাপতি অধ্যক্ষ বিকাশ কুমার সাহা, শাজাহানপুর উপজেলা সাধারণ সম্পাদক মানিক সরকার, সদর উপজেলা সাধারণ সম্পাদক নিত্যানন্দ দে, শিবগঞ্জ উপজেলা সভাপতি রাম নারায়ণ কানু, ইসকন বগুড়ার অধ্যক্ষ খরজিতা কৃষ্ণদাস, জয়গুরু আশ্রমের শ্রীমদ স্বামী ধর্মেশ্বানন্দ সরস্বতী মহারাজসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় ১২টি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক ব্যক্তি অংশ নেন। উল্লেখ্য, এ বছর বগুড়ার ১২টি উপজেলায় মোট ৬৮১টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে শুধু বগুড়া সদরেই রয়েছে ১১৯টি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ