প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ পিএম

ফেনীর পরশুরামে উত্তর টেটেস্বর গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহকে কলাগাছ কাটা নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করার তিন মাস পার হলেও কিছু আসামি এখনও অধরা। ওইসব আসামি বাদী ও নিহতের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে নিহতের পরিবার ও প্রতিবেশীরা নিরাপত্তাহীনতার অভিযোগ করে মানববন্ধন করেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার ৪নং বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর টেটেস্বর গ্রামের বসতঘরের সামনে নিহতের স্বজন ও প্রতিবেশীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।
জানা যায়, নিহতের স্ত্রী হোসনে আরা বেগম গত ৬ মে মামলা করেন। মামলায় আলী হোসেন, শুক্কুর আলী, মো: বাদশা, আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
বাদী হোসনে আরা বেগম বলেন, ‘একটি কলাগাছের কলার ছড়া কেটে নিয়ে যায় প্রতিবেশীরা; জানতে চাইতেই তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। আমার স্বামীকে নির্মমভাবে পিটিয়ে আহত করে। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন পর তিনি মারা যান। তিনজন এখনও পলাতক। তারা আমাদের ওপর হুমকি-ধমকি দিয়ে নিরাপত্তাহীনতা তৈরি করছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিহতের ছোট ভাই আবদুর রহিম অভিযোগ করেন, মামলার কিছু ধারা দুর্বল হওয়ার কারণে আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ফিরে এসে পরিবারকে হুমকি দিয়ে আসছেন। এমনকি তারা লাশকেও গুম করার চেষ্টা করেছিল।
এদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করে বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জামাল উদ্দিন (এপিপি) বলেন, ‘মামলায় সাতজন অজ্ঞাতনামা রয়েছে; চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি তিনজন পলাতক। তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ফিরে এসে আমাদের মক্কেল ও সাক্ষীদের হুমকি দিচ্ছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইনি লড়াই চালিয়ে যাব।’
পরিবার ও এলাকাবাসী ঘটনার দ্রুত সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এবং বিচার প্রক্রিয়ায় প্রশাসনের কড়া পদক্ষেপ কামনা করেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর